নাটোরে আইসিটি প্রতিমন্ত্রীর নির্দেশনায় বৃক্ষরোপন করছে পল্লীশ্রী
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নাটোরের সিংড়া উপজেলার আতাইকুলায় গৃহহীনদের মধ্যে ঘর দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী। এরপর গত ২৫ আগস্ট সেখানকার প্রতিটি পরিবারের জন্য ২০ কেজি চাল, চার কেজি পেঁয়াজ, চার কেজি ডাল, দুই কেজি সয়াবিন তেল উপহার হিসেবে নিয়ে যান তিনি। এসব উপহার এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও প্রতিমন্ত্রীকে দেখে আপ্লুত হয়ে পড়েন অনেকেই।
এতে অভিভূত হয়ে ‘বাড়ী দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা, সবুজ বৃক্ষে গড়ব আঙ্গিনা’ স্লোগানে নতুন মিশনে নামেন আইসিটি প্রতিমন্ত্রী। সেই মিশন বাস্তবায়নে এবার কাজ শুরু করেছে পল্লীশ্রী উন্নয়ন সংস্থা। সংস্থাটির উদ্যোগে আইসিটি প্রতিমন্ত্রীর বিদেশ সফরের মধ্যেই নাটোর জেলার সিংড়া উপজেলার ১২নং রামানন্দ খাজুরা ইউনিয়নে মুজিববর্ষের উপহার জননেত্রী শেখ হাসিনার দেয়া বাড়িতে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন পল্লীশ্রী উন্নয়ন সংস্থার সভাপতি রনজিত কুমার ও সাধারণ সম্পাদক সুব্রত কুমার।
এসময় উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় ব্যক্তি ও পল্লীশ্রী উন্নয়ন সংস্থার সকল সদস্যবৃন্দ। পল্লীশ্রী উন্নয়ন সংস্থার সভাপতি রনজিত কুমার জেলার সর্বত্র বাড়ি বাড়ি গিয়ে বৃক্ষরোপন করেন এবং সকলকে বেশি বেশি গাছ লাগাতে অনুরোধ করেন।